সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত, বিপন্ন, ঝুঁকিতে থাকা, পথ শিশুদের নিয়ে কেন্দ্রের উদ্যোগে ঈদ উৎসবের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে সুবিধাবঞ্চিত দুইশত শিশুর জন্য আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই উদ্যোগ গ্রহণ করে চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র।
শনিবার (২২ মার্চ, ২১রমজান) বাদ আসর কেন্দ্র মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: ফরিদুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জসীম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী মো: আইয়ুব, ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন ও নাজিরহাট জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমান।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে কেন্দ্রের বালক নিবাসী শিশু মোঃ ইমাম। অতঃপর কেন্দ্রের নিবাসী মোঃ তামিম উদ্দিন জিসান ও মালেসিয়াম বম এর কণ্ঠে ধ্বনিত হয় ইসলামী সংগীত। এছাড়াও নিবাসী শিশু উর্মি আক্তার ও তার দলের পরিবেশনায় ইসলামী নাশিদ এবং চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বালক ও বালিকা নিবাসী শিশুদের যৌথ পরিবেশনায় ইসলামী নাটিকা ‘রাইকার অপহরণ’- উপস্থিত সকলেই বিমুগ্ধ চিত্তে উপভোগ করেন।

এরপরেই পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বক্তাবৃন্দ। অতঃপর পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কেরাত ও হামদ/নাত/ইসলাম সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও কেন্দ্রের শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উৎসবের উপহার হিসেবে নতুন পোশাক, প্রসাধনী সামগ্রী, মেহেদী, আতর ও টুপি বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষভাগে মহান আল্লাহর করুণা লাভের প্রত্যাশায় নাজিরহাট জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমান এর পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অতঃপর কেন্দ্রের শিশুদের নিয়ে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের নিজস্ব হেঁসেলে তৈরিকৃত তালিকা সমাহারে ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও নিবাসী শিশুদের মাঝে উন্নতমানের নৈশভোজ পরিবেশন করা হয়।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন- মূলত আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের মুখে এক ঝলক হাসির বিচ্ছুরণ ঘটাতেই আমাদের এই ছোট্ট প্রয়াস।

প্রসঙ্গত সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের সুবিধাবঞ্চিত, ঝুঁকিতে থাকা, বিপন্ন, পথ শিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সমন্বিত সেবা কার্যক্রম এর মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কেন্দ্রটি।